Archive for September 1st, 2008
প্রথম পর্ব:
বেলতলা বিষয়ক আমার জ্ঞান ভালোই বলা চলে। নেড়া ছিলাম কিনা সন্দেহ আছে আমার তবে বেলতলার স্মৃতিগুলোন মাথা নেড়া করার মতোই। এই গল্পের শুরুটা অনেক আগেই। প্রথম প্রেম বা বিয়ে সব কিছুর জন্য আমি এই বেলতলাকে নির্ভর করতে পারি।
আমার বিয়েটা হয়েছিল ২০০২ সালের ১০ডিসেম্বর। প্রায় ৫বছর প্রেম করার পর বিয়ে। এই বিয়ে টেকেনি। ৫বছর ঘর করার পরে ঘর ভেঙে যায়। ৫ নাকি ম্যাজিক নাম্বার! আমার জন্য কোন ম্যাজিক নয় বড়ং লজিক এলোমেলো করার মতোন একটা বিষয়। তাই ম্যাজিক বিষয়ক লজিক নিয়ে আর ভাবি না। এই বিয়ে বিষয়ক মাথা নেড়ার আগে থেকে একটা সিনেমা’র শুটিং শুরু হয়। যাকে বলে খাঁটি বাংলা সিনেমা। আমি সেই সিনেমার নায়ক।
কোন এক অদ্ভুত কারণে আমার পরিবার আমার প্রাক্তন স্ত্রীর পরিবারকে পছন্দ করতো না। পরে জেনেছিলাম এই অপছন্দের ইতিহাস নাকি অনেক পুরোনো, দাদাদের সময় থেকে (খাঁটি বাংলা সিনেমা)! আমরা যে বাসায় থাকতাম তার পাশের বাসাতেই আমার স্ত্রীরা থাকত। বাসাটা ছিল কুড়িগ্রামের নাগেশ্বরী। প্রথম দিনেই আমার মা বলে দিলেন ভুলেও যেন ওই বাসাস কারো সাথে না মিশি। স্বাভাবিক ভাবেই অনুসন্ধানী হই। এই ভাবে পরিচয় হয়ে যায় সেই বাড়ির সবচেয়ে ছোট্ট মেয়েটির সাথে। এরপর একটু খানি দেখা, একটু খানি ছোঁয়া। একটু চোখের দিকে তাকিয়ে থাকা বা একটু ঘুরতে যাওয়া। বড় মধুর সেই দিনগুলি। প্রথম মাথা খারাপ হয়ে গেল এক বৃষ্টির দিনে। প্রচন্ড বৃষ্টিতে মেয়েটি লাফাচ্ছিল পাগলের মতোন। বড়ই মধুর দৃশ্য। প্রেমে পড়ার জন্য যথেষ্ট। পড়লামো। কারো উচ্ছাস বা দুষ্টমি যে প্রেমের উপাদান হ’তে পারে জানতাম না। নতুন করে নিজেকে দিয়ে জানলাম। আমার জীবনের সস্তা বাংলা সিনেমা শুরু হলো। চলতে থাকলো নিয়তির দিকে। যেহেতু সস্তার সিনেমা তাই নায়ক-নায়িকার সাথে ভিলেনও প্রয়োজন।
ভিলেন হিসেবে আবির্ভাব হলো মেয়ের বোনেরা, চাচারা। আমাদে আগ্রহ আরো বেড়ে গেল। এই রকম বাড়ন্ত অবস্থায় একদিন এক রকম জোড় করেই বিয়ে দিয়ে দিল আমাদের। আমার বয়স তখন ২২বছর ৬মাস। আমার বিয়ের দিন সবাই কাঁদল। আমার বাবাকে জীবনের প্রথম সেদিন কাদতে দেখলাম। আমার বাবা। যাকে জানতাম একটা ভারী মূর্তির মতোন, কখনো টলে নি। তিনি কাদলেন। অঝরেই কাদলেন। আমার হৃদয়টা প্রথমবারের মোন হুহু করে উঠলো। তখনই মনে হলো খুব ভালো কাজ হচ্ছে না এটা।
আমি বিয়ে করতে গেলাম আমার ফুফুর বাড়ি থেকে। আমাকে আমার বাড়ি থেকে বেড় করে দেয়া হলো। একটা সার্ট গায়ে দিয়ে রওনা হলাম। সাথে আমার বাবার ম্যানেজার, আমার ফুফাতো ভাই, আমার চাচাতো ভাই এবং ফুফা। এর পরের ৩০মিনিটের মধ্যেই আমার বেলতলা অধ্যায় শেষ হলো। লুৎফর রহমান নির্ঝর বিবাহিত হয়ে গেলেন।
(চলবে…………………)





















